মোদির ২০১৭ ইসরাইল সফর নিয়ে নতুন প্রশ্ন

পদ্মাটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এটি এপস্টেইন–কাণ্ডে সরকারি পর্যায়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় নথি উন্মুক্ত করার ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বিবিসির তথ্য অনুযায়ী, প্রকাশিত নথির মধ্যে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। এসব নথির কিছু ই-মেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ থাকায় নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত কিছু ই-মেইলে ২০১৭ সালে মোদির ইসরাইল সফরের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে এপস্টেইনের একটি বার্তার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে—তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার কৌশল হিসেবে মোদিকে ইসরাইল সফরের পরামর্শ দেওয়া হয়েছিল। ই-মেইলে মোদিকে নিয়ে কিছু অনানুষ্ঠানিক ও বিতর্কিত মন্তব্যও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এসব দাবির সত্যতা অস্বীকার করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে তথ্যগুলোকে ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রকাশিত ই-মেইলের বক্তব্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং সরকার তা সরাসরি প্রত্যাখ্যান করছে।
উল্লেখ্য, প্রকাশিত নথির বক্তব্যগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি বা যোগাযোগের অংশ—যা স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম সতর্কতা জানিয়েছে।
সূত্র- বিবিসি, জেরুজালেম পোস্ট




