তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি, ভারত সফরের আমন্ত্রণ

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারেক রহমানের উদ্দেশে পাঠানো চিঠিতে মোদি উল্লেখ করেন, “এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি গভীর আস্থা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার প্রতিফলন।” তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।
ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে বলেন, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর। উন্নয়নের বিভিন্ন অগ্রাধিকারে দুই দেশের উল্লেখযোগ্য মিল রয়েছে, যা ভবিষ্যৎ সহযোগিতার শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।”
তিনি কানেকটিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বহুমুখী ক্ষেত্রে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মোদি আরও বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমি আপনাকে, ডা. জুবাইদা রহমান এবং আপনার কন্যা জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বার্তার শেষে তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।




