ভারতের আয়োজিত নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

পদ্মাটাইমস ডেস্ক: ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী অংশ নিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় রাজ্য আন্ধ্র প্রদেশ-এর বিশাখাপত্তনম শহরে এই মহড়া অনুষ্ঠিত হয়। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশ নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মহড়ায় অংশ নিতে পাঠায়। গত ১৬ ফেব্রুয়ারি জাহাজটি ভারতে পৌঁছে যায়।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ মোট ৭০টি দেশ এক বা একাধিক যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইন্দোনেশিয়ার ফ্রিগেট ‘কেআরআই বুং তোমো-৩৫৭’ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজ ‘আল ইমারাত’ মহড়ায় অংশ নেয়। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করে আইএনএস বিক্রান্ত।
মহড়া শুরুর আগে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এ আয়োজন সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য ও শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন পতাকাবাহী জাহাজ ও বিভিন্ন দেশের নৌসেনাদের অংশগ্রহণ ঐক্যের বার্তাই তুলে ধরছে।
তিনি জানান, এবারের মহড়ার মূল প্রতিপাদ্য ‘সামুদ্রিক ঐক্য’। সম্মিলিত নৌবাহিনীর এই সংকল্প সব বাধা অতিক্রম করতে সক্ষম এবং এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা বহন করে।
আন্তর্জাতিক সমুদ্রনীতিতে ভারতের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে এবং সামুদ্রিক নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এই নীতিকেই ভিত্তি হিসেবে বিবেচনা করে।




