সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬; সময়: ১০:৫৮ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি খালি করে তা সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

এক যুগ আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের সময় সিরিয়ায় একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের তথাকথিত খেলাফত ঘোষণা করলে তাদের দমনে সেনা মোতায়েন করে ওয়াশিংটন।

সে সময় সিরিয়ায় প্রায় ২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়। বর্তমানে দেশটির বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার সেনা অবস্থান করছেন। তাদের সবাইকে ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি ছিল এবং এই গোষ্ঠীকে নির্মূলে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, “সিরিয়ায় যখন আইএসের উত্থান হয়েছিল, তখন এই গোষ্ঠীকে দমনে আমরা সেনা পাঠিয়েছিলাম। এখন পরিস্থিতি বদলেছে। সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএসের হুমকি আগের মতো শক্তিশালী নয়। তাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ঘাঁটি খালি করে তা সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সূত্র- রয়টার্স

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন