সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬; সময়: ১২:৩৩ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: অবৈধ সম্পদের মামলায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। সেদিন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে কৌঁসুলি নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। তিনিই মামলাটির তদন্তও করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর অভিযানে অবৈধ ক্যাসিনো কার্যক্রম প্রকাশ্যে এলে সম্রাট আত্মগোপনে যান।

পরবর্তীতে ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। একইদিন বিকেলে সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়েও অভিযান চালানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন