মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি ৮০০ ছুঁই ছুঁই

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬; সময়: ২:১০ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা জবাব ঘিরে চলমান সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, অন্তত ১২টি দেশে এই সংঘাতের প্রভাব পড়েছে। নিহত ও আহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা ৩ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হতাহতদের সর্বশেষ হিসাব প্রকাশ করেছে।

সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইরানে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় টানা হামলার পর প্রাণহানির এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে।

লেবাননে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত ২৪৬ জন। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও হামলার ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে ইসরায়েলে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বিভিন্ন শহরে সাইরেন বাজানো এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় থাকার খবর মিলেছে।

ইরাকে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কুয়েতে নিহত ৩ জন, আহত ৩৫ জন। বাহরাইনে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। কাতারে আহত হয়েছেন ১৬ জন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৩ জন নিহত ও ৬৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ওমানে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। জর্ডানে আহত হয়েছেন ৫ জন।

এদিকে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান সহিংসতায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন