শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬; সময়: ১২:০১ pm | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক: শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতরের জামাতে রেকর্ড প্রায় ছয় লাখ মুসল্লির সমাগম হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ১৯৯তম এই ঐতিহাসিক জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, এবারের জামাতে স্মরণকালের সর্বোচ্চ মুসল্লির উপস্থিতি হয়েছে।

ঈদের আগের দিন থেকেই কিশোরগঞ্জমুখী মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মুসল্লিরা আত্মীয়ের বাসা, মসজিদ কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করেন।

সকালেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, ভবনের ছাদ ও নরসুন্দা নদীর তীরেও মুসল্লিরা নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়। শোলাকিয়ার এই জামাত ভ্রাতৃত্ব, ঐক্য ও বিশ্বাসের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন