৫৪ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬; সময়: ৯:৩২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করল মানুষ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে নতুন করে চন্দ্র অভিযানের দ্বার উন্মোচিত হলো।

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৩২ তলা উচ্চতার শক্তিশালী রকেটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করতে সেখানে হাজারো মানুষ জড়ো হন। উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শনার্থী ও নাসার কর্মীরা।

এই অভিযানে অংশ নিয়েছেন চার নভোচারী-তিনজন যুক্তরাষ্ট্রের এবং একজন কানাডার। তারা হলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ৫৪ বছর পর মানবজাতির পক্ষ থেকে আবারও চাঁদের পথে যাত্রা করলেন তারা।

উৎক্ষেপণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেরেমি হ্যানসেন বলেন, “আমরা সমগ্র মানবজাতির প্রতিনিধিত্ব করে চন্দ্রাভিযানে যাচ্ছি।”

এ সময় মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে বলেন, “আপনারা এই অভিযানে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস-২ দলের হৃদয়, বিশ্বজুড়ে অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের স্বপ্ন। আপনাদের জন্য শুভকামনা।”

নাসা জানায়, মিশনের প্রথম ধাপে মহাকাশযানটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হবে, কারণ এটি আগে কখনও মানুষ বহন করেনি। প্রায় ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, তবে সেখানে অবতরণ করবেন না। পাশাপাশি ডকিং সিমুলেশনসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মহাকাশযানের ম্যানুয়াল নিয়ন্ত্রণ সক্ষমতাও যাচাই করা হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর এটিই মানুষের প্রথম চন্দ্রাভিযানের প্রস্তুতিমূলক ধাপ। নাসা ২০২৮ সালে ‘আর্টেমিস-৪’ মিশনের মাধ্যমে আবারও চাঁদের মাটিতে মানুষ নামানোর পরিকল্পনা করছে। তথ্যসূত্র: আল জাজিরা

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন