চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
প্রকাশিত:
এপ্রিল ৩, ২০২৬; সময়: ৬:১৮ pm | 
খবর > লিড

পদ্মাটাইমস ডেস্ক: দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।




