রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ জন মারা গেছে। এনিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাড়াল ৩৮ জনে।
শনিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডাঃ শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর বারোটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩ শিশু মারা গেছে। যাদের বয়স ৫ থেকে ৭ বছর পর্যন্ত। এ সময় নতুন করে রোগী ভর্তি রয়েছে ২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩ জন। শনিবার দুপুর ১২টায় হাসপাতালে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে ১৪৯ জন। এদের মধ্যে চারজন বয়স্ক। এনিয়ে এখন পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৩৭৭ জন। যাদের মধ্যে মারা গেছে ৩৮ জন।
এদিকে, শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এসময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সিটি কর্পোরেশনও নানা ভাবে সহযোগিতা করছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্য্যক্রম চলছে। বর্তমানে তাদের কাছে হামের ৮ হাজার টিকা মজুদ রয়েছে। রোববার থেকে ৬৪টি স্থানে টিকা দেওয়া হবে।




