২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ৫৪ জন

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬; সময়: ৯:০৪ pm | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম বা হাম-সদৃশ উপসর্গ নিয়ে ৯৮৪ জন হাসপাতালে আসে। এর মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে।

ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন এবং জেলার মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১৩ শিশু।

বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এর পরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছে ৪৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন