রাজশাহীতে রেলওয়ের কাজ বন্ধের অভিযোগে এমপিকে ঘিরে বিতর্ক

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রকাশিত: মে ১১, ২০২৬; সময়: ১২:০৬ am | 
খবর > বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: নিজের ঘনিষ্ঠ লোকজনকে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রেলওয়ের একটি উন্নয়নকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে আড়ানী রেলওয়ে স্টেশনে গিয়ে তিনি কাজ বন্ধ রাখতে বলেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

এ ঘটনায় শনিবার (৯ মে) সারাদিন কাজ বন্ধ ছিল বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন আড়ানী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনের পুরনো কাঠের স্লিপার অপসারণ করে নতুন কংক্রিট স্লিপার ও পাথর বসানোর কাজ পেয়েছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৬৩০ মিটার রেললাইনে এই সংস্কারকাজ চলছে। গত ২৭ এপ্রিল থেকে কাজ শুরু করেন ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কাজ শুরুর পর থেকেই স্থানীয়ভাবে বিএনপি ও যুবদলের পরিচয়ে কয়েকজন ব্যক্তি কাজের অংশীদার হওয়ার দাবি তোলেন। পাশাপাশি তাদের কাছ থেকে নির্মাণসামগ্রী কেনারও চাপ দেওয়া হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সব উপকরণ সংগ্রহ করায় সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হন।

ঠিকাদার আশরাফ উদ্দিন অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে এমপি আবু সাঈদ চাঁদ তাকে ফোন করে সাইট ম্যানেজার ডাবলুকে দেখা করতে বলেন। কিন্তু তিনি দেখা করতে যাননি।

তার দাবি, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আড়ানী স্টেশনে গিয়ে এমপি ডাবলুকে ডেকে বলেন, “এখন থেকে কাজ বন্ধ থাকবে, বিষয়টি আমি দেখব।” এরপর থেকেই কাজ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে পুরনো লাইন তুলে ফেলেছি। প্রায় আড়াই কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এখন কাউকে অংশীদার করার সুযোগ নেই। কিন্তু এমপি নিষেধ করে গেলে কার সাহস আছে কাজ চালিয়ে যাওয়ার?”

তবে কাজ বন্ধের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি সাইট ম্যানেজার মো. ডাবলু। তিনি বলেন, “আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আপনারা নিজেরা খোঁজ নেন।”

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, কাজ বন্ধ থাকলে রেল চলাচলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বিষয়টি তার জানা ছিল না উল্লেখ করে তিনি বলেন, প্রকৌশল বিভাগের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি আবু সাঈদ চাঁদ। তার ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন জানান, এমপি কোনোভাবেই কাজ বন্ধের নির্দেশ দেননি।

তিনি দাবি করেন, স্টেশনে চলমান মূল কাজ বন্ধ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য কার্যক্রম চলছিল। এছাড়া এমপি কেবল কাজ সঠিকভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন এবং স্থানীয়দের সম্পৃক্ত করার সুযোগ থাকলে তা বিবেচনার কথা বলেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন