২০০ কোটি পার, বক্স অফিসে ঝড় তুলেছে বিজয়ের ‘প্রেমিকা’ তৃষার সিনেমা

প্রকাশিত: মে ২৩, ২০২৬; সময়: ৯:৪৯ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি এবার সিনেমা দিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সুরিয়ার সঙ্গে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘কারুপ্পু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির এক সপ্তাহ পরও ছবিটির আয় অব্যাহত রয়েছে।

আরজে বালাজি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই তামিলনাড়ুতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। আর বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ইতোমধ্যে ২০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে।

তামিলনাড়ুতে ছবিটি পরিবেশনা করেছেন শক্তিভেলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার পরিবেশনা জীবনের এক ঐতিহাসিক মাইলফলক এটি। “কারুপ্পু” তামিলনাড়ু বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে- এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি ভীষণ আবেগের ও গর্বের মুহূর্ত।’

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ভারতে ‘কারুপ্পু’র নিট আয় ছিল ১১৩ কোটি ৮৫ লাখ রুপি। অষ্টম দিনে এসে দেশীয় আয় দাঁড়িয়েছে ১২১ কোটি ৬৫ লাখ রুপিতে। এর বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। তবে তেলুগু ভাষায় ‘বীরভদ্রুডু’ নামেও ছবিটি ভালো ব্যবসা করছে।

বিদেশের বাজার থেকেও ছবিটি আয় করেছে প্রায় ৬০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘কারুপ্পু’র মোট আয় এখন ২০০ কোটি ৮৬ লাখ রুপি।

এর মাধ্যমে গত নয় মাসে তামিলনাড়ুতে ১০০ কোটির বেশি আয় করা প্রথম তামিল সিনেমার রেকর্ড গড়েছে ‘কারুপ্পু’। এর আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিল লোকেশ কানাগারাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘কুলি’। ২০২৫ সালের আগস্টে মুক্তি পাওয়া সিনেমাটি ভারতে ২৮৫ কোটির বেশি এবং বিশ্বব্যাপী প্রায় ৫১৮ কোটি রুপি আয় করেছিল। শুধু তামিলনাড়ুতেই ছবিটির আয় ছিল প্রায় ১৪৪ কোটি রুপি।

বর্তমানে ‘কারুপ্পু’ই ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা। একই সঙ্গে এটি সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র হিসেবেও জায়গা করে নিয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন