সরকার ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে : প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার শূন্য পদে দ্রুত নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগসংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে। সরকারি কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর সেবা পৌঁছে দিতে এসব পদে জনবল নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। যত দ্রুত সম্ভব শূন্য পদগুলোতে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে, ইনশা আল্লাহ।”
এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নেরও উত্তর দেন তিনি।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তাঁর তারকাচিহ্নিত একটি প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
এর জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।




