রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগার থেকে তিন শতাধিক বই জব্দ

প্রকাশিত: জুন ১০, ২০২৬; সময়: ৮:৩৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত প্রায় ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পাঠাগারটিতে তল্লাশি চালিয়ে বইগুলো জব্দ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গনে অবস্থানরত ভ্রাম্যমাণ পাঠাগারের বাসে আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতাদের নিয়ে লেখা বিভিন্ন বই রয়েছে অভিযোগ তুলে বাসটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যান মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাগারের বাসে তল্লাশি চালান।

এ সময় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত প্রায় তিন শতাধিক বই জব্দ করা হয়। বই জব্দের পর বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ানভিত্তিক কোনো গ্রন্থ, সাময়িকী বা প্রবন্ধ পাঠাগারে সংরক্ষণ না করার বিষয়ে একটি মুচলেকা দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে গিয়ে বাসের ভেতরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে লেখা বই দেখতে পান। পরে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, “স্বৈরাচার পতনের পরও এসব বই পাওয়া উদ্বেগজনক। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বইগুলো জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “রাজশাহীতে বই সংরক্ষণের আলাদা কোনো জায়গা না থাকায় বইগুলো বাসের মধ্যেই রাখা হয়েছিল। তবে এসব বই কাউকে পড়তে দেওয়া হতো না।”

এ বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করছে।

ভ্রাম্যমাণ পাঠাগারে বাসে তল্লাশি সময় মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন