ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

প্রকাশিত: জুন ১৪, ২০২৬; সময়: ১২:১৪ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : খুলনা নগরীতে ফজরের নামাজের সময় একটি মসজিদে ঢুকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর দৌলতপুর এলাকার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মণ্ডল (৫৫)। তারা দুজনই উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফজরের নামাজ চলাকালে কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। তার মাথা, গলার বাম পাশ ও ডান বাহুতে গুলি লেগেছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে নগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে পুলিশের বিশেষ যৌথ অভিযান চলমান থাকলেও প্রকাশ্যে মসজিদে গুলির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরীতে ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে। গোয়েন্দা পুলিশের ভাষ্য, অস্ত্র ও মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং রাজনৈতিক বিরোধের জেরে অধিকাংশ সহিংস ঘটনার সূত্রপাত হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন