আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

পদ্মাটাইমস ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে দেশজুড়ে সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সদর দফতরের আশঙ্কা, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কর্মসূচিতে বাধা দেওয়া হলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপরও হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে দেশের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করতে পারেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসব কর্মসূচিতে প্রতিপক্ষের বাধা বা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপকে কেন্দ্র করে সংঘাতের ঝুঁকি রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও মহানগর পর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




