দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রকাশিত: জুন ১৯, ২০২৬; সময়: ৬:০১ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার ইতোমধ্যে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ে দলীয় অনুগতদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর মাধ্যমে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করেছিলেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। দেশের মানুষ কোনো ধরনের একদলীয় শাসন মেনে নেবে না।”

বিরোধী দলের প্রতি রাজনৈতিক ভাষা ব্যবহারের সংস্কৃতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলকে আক্রমণ করত, এখন বিএনপিও একই ধরনের বক্তব্য দিতে শুরু করেছে। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি পরিহার করার আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট দেওয়া সরকারের দায়িত্ব, তবে তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। গত সাড়ে ১৫ বছরে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বর্তমান সরকারকে সেই পথ অনুসরণ না করার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, সরকার এখনো চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের যোদ্ধাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। তাদের ত্যাগের কারণেই আজকের রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে।”

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, বিগত নির্বাচনে নানা প্রতিবন্ধকতার মধ্যেও তারা ১১ দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন, এজন্য তিনি তাদের অভিনন্দন জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন