রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ১২:৫৩ am | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় কমিটির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশ বিকেলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি করেন, অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, “আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা এ বিষয়ে আগে কিছু জানতাম না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে অনেক ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে। এখন তারা কী সিদ্ধান্ত নেন, সেটিই দেখার বিষয়।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন