পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ১:১৫ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ পুলিশের পোশাকের রং আবারও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নির্ধারিত ‘আয়রন’ রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর পুলিশের সদস্যরা লাইট অলিভ রঙের শার্ট পরবেন। একই সঙ্গে পূর্বের কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

শীতকালীন পোশাকেও আনা হয়েছে পরিবর্তন। আগে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতকালীন পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেটের রং হবে লাইট অলিভ, যা শার্টের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ পরবেন। তবে এ বিধান আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

অন্যদিকে, মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনুমোদিত গাঢ় নীল রঙের হেড কভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশোধিত বিধানে আবহাওয়াভিত্তিক পোশাকের নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। সে অনুযায়ী, গ্রীষ্মকালে অর্ধহাতা (হাফ স্লিভ) এবং শীতকালে পূর্ণহাতা (ফুল স্লিভ) শার্ট পরার বিধান বহাল থাকবে।

এছাড়া একটি মানবিক সিদ্ধান্ত হিসেবে গর্ভবতী নারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে তারা দায়িত্ব পালনকালে সাধারণ পোশাক (সিভিল ড্রেস) পরতে পারবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন