গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটায় যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ৯:৪১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গুশিরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

অভিযানকালে গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ গ্রামের মেকাইলের ছেলে রাসেল (২৫)-কে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটতে দেখা যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও ইসরাত জাহান বলেন, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন