জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং চুরির ঘটনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্বর্ণপট্টির অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।




