আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু ২৮ জুন

প্রকাশিত: জুন ২৫, ২০২৬; সময়: ৩:২৬ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে দেশটি।

ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এ ঘোষণা দেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় চালু করছি। আগামী ২৮ জুন, রবিবার থেকে আবেদন জমা দেওয়া যাবে। একই সঙ্গে মানবিক কারণে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে মেডিকেল ভিসা সুবিধাও অব্যাহত থাকবে।”

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভিসা সেন্টারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নবনিযুক্ত হাই কমিশনার আশা প্রকাশ করে বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার ঘোষণায় ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন