রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ জানায়, গত ২১ জুন দিবাগত রাত আনুমানিক পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলসপট্টি মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হয়ে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে পুলিশ।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. সোহাগ আলী (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রজব আলীর ছেলে এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানায়, গ্রেপ্তার হওয়া সোহাগ আলী সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্তে বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।




