রাজশাহীতে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা মামলার আসামী ৮

প্রকাশিত: জুন ২৮, ২০২৬; সময়: ৪:৪৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিহরপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ওই গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসা করতেন। তাঁর বাবার নাম ভূগোল মণ্ডল।

রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় আটজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার এক দিন আগে আবদুর রাজ্জাকের পরিবারের মালিকানাধীন দুটি আম্রপালি আমগাছ থেকে স্থানীয় এক ব্যক্তি আম পেড়ে বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় ইট ও লাঠির আঘাতে আবদুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় জুয়েল রানা (১৬) নামের এক কিশোর আহত হন। তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানার ওসি মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন