নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার

প্রকাশিত: জুলাই ২, ২০২৬; সময়: ৭:৫৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালের বিদ্যমান ভিসানীতিমালা সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়। খসড়াটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন ভিসানীতির লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া সহজ করা, বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সহায়ক পরিবেশ তৈরি, দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদার করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলাও নতুন নীতির অন্যতম উদ্দেশ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, ভিসানীতি-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন