রাসিক প্রশাসককে কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা
নাগরিকবান্ধব ও উন্নয়নমুখী বাজেট ঘোষণায় অভিনন্দন, বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬–২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৫ জুলাই) সকালে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাতে প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং সচিবালয় বিভাগের সাধারণ প্রশাসনিক শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নগরবাসীর জন্য উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী নগরের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার হবে।




