পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে
পরিবার-সন্তানদের উপস্থিতিতে গৌরি স্প্রাটকে বিয়ে; ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো নিবন্ধিত বিয়ে

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর প্রেমিকা গৌরি স্প্রাটকে জীবনসঙ্গী হিসেবে বরণ করেছেন তিনি।
রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে পারিবারিক পরিবেশে তাদের নিবন্ধিত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমিরের আগের দুই সংসারের সন্তানরা উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে আমিরের একজন মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ের অনুষ্ঠানে আমিরের ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান ছাড়াও ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী এলি আব্রাম, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কৌতুক অভিনেতা বীর দাস উপস্থিত ছিলেন।
আমির খান ও গৌরি স্প্রাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের হলেও তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০২৪ সালে। আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে থাকা গৌরির সঙ্গে নতুন করে যোগাযোগ হয় তার। পরে দীর্ঘ সময় দূরত্বের সম্পর্ক বজায় রাখেন তারা। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরিকে নিজের জীবনসঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির।
সম্পর্কের পর গৌরি তার আগের সংসারের ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। আগে একটি চুল পরিচর্যাবিষয়ক প্রতিষ্ঠানে কাজ করলেও বর্তমানে তিনি ‘আমির খান প্রোডাকশনস’-এর বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
গত মাসেই বিয়ের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আমির। তখন তিনি বলেছিলেন, তাদের বিয়ে হবে নিবন্ধনের মাধ্যমে এবং পরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্যাপন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র ছেলে আজাদের জন্ম হয় ২০১১ সালে সারোগেসির মাধ্যমে। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চলচ্চিত্র ও সামাজিক বিভিন্ন উদ্যোগেও তারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।




