৩৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে

পদ্মাটাইমস ডেস্ক : সরকার ১৪ জন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ -এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
বাধ্যতামূলক অবসরে যাওয়া ১৪ ডিআইজি হলেন- মোল্ল্যা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহমেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, জাকির হোসেন খান, শাহ আবিদ হোসেন, জামিল হাসান, মাহবুবুর রহমান ও মো. মনিরুজ্জামান।
অবসরে পাঠানো ১৮ অতিরিক্ত ডিআইজি হলেন- বরকতউল্লাহ খান, টি এম মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মেহেদুল করিম, আলমগীর কবির, রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, নিজামুল হক মোল্লা, এস এম ইমরান হোসেন, সাইদুর রহমান খান, শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশরুকুর রহমান খালেদ। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবদুল্লাহ আরেফকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে সরকার ১৬ জন ডিআইজিসহ ১৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল আরও ১১ জন ডিআইজি ও দুইজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।




