বন্যাদুর্গতদের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

উদ্ধার-ত্রাণ-চিকিৎসা জোরদারে প্রশাসনকে দিকনির্দেশনা, আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬; সময়: ১১:২৯ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) দিনভর বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে পৃথকভাবে কথা বলে মাঠপর্যায়ের পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে। উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য শনিবার তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সফর করবেন।

তিনি আরও জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও সার্বিক পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, বন্যাকবলিত এলাকার নারী, শিশু এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন