জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বর্ষীয়ান এই রাজনীতিকের গণতন্ত্র, সংসদীয় সংস্কৃতি ও রাষ্ট্র পরিচালনায় অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য তারেক রহমানের

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, সৎ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন বলেও উল্লেখ করেন।
তারেক রহমান আরও বলেন, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কখনো আদর্শচ্যুত হননি। নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে তিনি দলীয় আদর্শকে সমুন্নত রেখেছেন এবং ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান বিএনপির ইতিহাসের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায়ও স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব ও প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। তার আদর্শ, সততা, প্রজ্ঞা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।




