স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
৫০০ কোটি টাকার তহবিল থেকে মেধাবী উদ্যোক্তাদের সহায়তা, জামানত ছাড়াই প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের আশ্বাস

পদ্মাটাইমস ডেস্ক : দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের এগিয়ে নিতে স্টার্টআপ খাতে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে স্টার্টআপ উন্নয়নে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে একজন উদ্যোক্তা প্রকল্পের ধরন ও সম্ভাবনা অনুযায়ী সর্বনিম্ন ৫ লাখ এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পেতে পারবেন।
তিনি বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয় জামানত বা সম্পদ দেখাতে পারেন না। এ সমস্যা দূর করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে, যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা মূল্যায়ন করেই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেসব উদ্যোক্তার ভালো ধারণা রয়েছে কিন্তু জামানত নেই, তাদের প্রকল্প যাচাই করে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলেও সম্ভাবনাময় কোনো উদ্যোগ শুরুতে সফল না হলে দ্বিতীয়বারও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধনেরও ঘোষণা দেওয়া হয়। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন সেবা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান অনুষ্ঠানে বক্তব্য দেন।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই তহবিল ও জাতীয় প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম আরও গতিশীল হবে এবং একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।




