অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা হবে বিনামূল্যে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬; সময়: ২:২৪ pm | 
খবর > জাতীয়

ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় বৃত্তির ঘোষণা, পর্যায়ক্রমে সব প্রাথমিক শিক্ষার্থীকে দেওয়া হবে নতুন পোশাক

পদ্মাটাইমস ডেস্ক : দেশের মেয়েদের জন্য অনার্স পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের জন্য বৃত্তি চালুরও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী শিক্ষায় মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ইনশাআল্লাহ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক পর্যায়ে যেভাবে উপবৃত্তি দেওয়া হচ্ছে, একইভাবে উচ্চশিক্ষায় ভালো ফল করা মেয়েদেরও বৃত্তি দেওয়া হবে।

তিনি আরও জানান, সরকার পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন স্কুল পোশাক দেবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মধ্যাহ্নভোজ (মিডডে মিল) কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শুধু শিক্ষিত নয়, মানবিক মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশ গড়তে মানবিক সৈনিক প্রয়োজন, আর সেই মানবিক সৈনিক তৈরির দায়িত্ব শিক্ষকদের।

অনুষ্ঠানে তিনি শিশুদের খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গাছই হবে শিশুদের প্রকৃত বন্ধু।

এর আগে প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন