উত্তরের সোয়া ২ লাখ কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ
রংপুর ও রাজশাহী বিভাগের ক্ষুদ্র-প্রান্তিক কৃষক উপকৃত, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা।

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে উত্তরাঞ্চলের ২ লাখ ২৯ হাজার ৯৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ ও সুদ মওকুফ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
বুধবার (১৫ জুলাই) রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের প্রথম বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকার গঠনের ছয় মাসের মধ্যে এ ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করেছে রাকাব। দীর্ঘদিন ধরে খেলাপি হিসেবে থাকা এসব ঋণের আওতায় থাকা কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আসল এবং সম্পূর্ণ বকেয়া সুদ মওকুফ করা হয়েছে। তবে ১০ হাজার টাকার বেশি মূল ঋণ এ কর্মসূচির আওতায় আসেনি।
রাকাবের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার ১ লাখ ৭৯ হাজার ২৭৮ জন কৃষকের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের আট জেলার ৫০ হাজার ৬৩৭ জন কৃষকের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষকদের বকেয়া ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় রাকাবকে পরিশোধ করেছে। এরপর ব্যাংকটি নির্ধারিত নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের আসল ও সমুদয় সুদ মওকুফের কার্যক্রম সম্পন্ন করে।
রাকাবের কর্মকর্তাদের মতে, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকৃত কৃষকরা নতুন করে কৃষিতে বিনিয়োগ করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে ঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাকাব কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া এ উদ্যোগ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ব্যাংকটি।
সংশ্লিষ্টরা জানান, রাকাবের পাশাপাশি অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকও ঋণগ্রস্ত কৃষকদের বকেয়া ঋণ ও সুদ মওকুফের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করবে।




