উপশহর বড় মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ ঘুরে দেখলেন মাহফুজুর রহমান রিটন, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬; সময়: ৩:৪৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বায়তুস সালাম উপশহর বড় মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মসজিদের নির্মাণাধীন পাঁচতলা নতুন ভবনের কাজ পরিদর্শন করেন এবং মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে নির্মাণকাজ ও সার্বিক উন্নয়নে সহযোগিতার দাবি জানানো হলে রাসিক প্রশাসক ইতিবাচক সাড়া দেন।

পরিদর্শন শেষে তিনি উপশহর এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজও ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মান ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুস সালাম উপশহর বড় মসজিদ কমিটির সভাপতি জহরুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন পপি, মসজিদের মুসল্লি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন