রাবিতে জামায়াতপন্থীদের বদলি করে বিএনপিপন্থীদের পদায়নের অভিযোগ

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬; সময়: ১:২৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন থেকে জামায়াতপন্থী কর্মকর্তাদের সরিয়ে তাঁদের স্থলে বিএনপিপন্থী কর্মকর্তাদের পদায়নের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী কর্মকর্তাদের সংগঠন রাবি অফিসার্স ফোরাম। একই সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন করে তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলেও দাবি সংগঠনটির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন বিভাগ ও দপ্তরে বদলি করা হয়। এর মধ্যে অফিসার ইউনিটের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. মাসুদ রানাকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে, সাধারণ কর্মচারী ইউনিটের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. মনজুরুল হককে রহমতুন্নেসা হলে, গোপনীয় শাখার উপ-রেজিস্ট্রার মো. শেখ ফরিদকে বাংলা বিভাগে এবং একাডেমিক শাখা-১-এর উপ-রেজিস্ট্রার আবু মো. তারেককে লিগ্যাল সেলে বদলি করা হয়। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাবি অফিসার্স ফোরামের সেক্রেটারি কাজী মামুন বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর আমরা দলীয়করণমুক্ত, ন্যায়ভিত্তিক প্রশাসন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বেছে বেছে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে, যাঁদের জামায়াতপন্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, প্রশাসনিক ভবন থেকে বিভিন্ন বিভাগে বদলি করেছে। এমনকি অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাঁদের জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন করা হয়েছে।”

তিনি বলেন, বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া হলেও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্মান ও মর্যাদা বজায় রেখে তা করা উচিত ছিল। একজন কর্মকর্তা দীর্ঘ ২০ থেকে ২২ বছর প্রশাসনিক ভবনে দায়িত্ব পালনের পর তাঁকে হঠাৎ বিভাগে বদলি করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

কাজী মামুন আরও জানান, বিষয়টি নিয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসন সমন্বয়ের আশ্বাস দিয়েছে। তবে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

অফিসার্স ফোরামের সভাপতি মো. মাসুদ রানা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশাসনিক ভবন থেকে সরিয়ে তাঁদের জায়গায় অন্য একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠদের পদায়ন করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন ও পদায়ন হওয়া উচিত।”

তিনি আরও বলেন, উপাচার্য তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। তবে আন্দোলনে সম্পৃক্ত কর্মকর্তাদের অবমাননাকরভাবে বদলি এবং জ্যেষ্ঠদের জুনিয়রদের অধীনে পদায়নের সিদ্ধান্ত বহাল থাকলে সাধারণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো রাবি অফিসার্স ফোরামের বক্তব্য। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পৃথকভাবে প্রকাশ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন