৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতিতে নির্বাচন কমিশন, সংবিধানের বাধ্যবাধকতা পালনের আশ্বাস

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ১০:৪৫ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত করার পরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়েছে।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসরণ করে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। সে অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করার কাজ দ্রুত শুরু হবে।

কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

শনিবার সাপ্তাহিক ছুটির কারণে নির্বাচন কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলেও রোববার অথবা পরবর্তী কার্যদিবসে কমিশনের বৈঠকে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কমিশনের কর্মকর্তাদের ভাষ্য, খুব অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেশবাসীর সামনে প্রকাশ করা হবে।

সংবিধানের বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার বিষয়ে নির্বাচন কমিশন আশাবাদ ব্যক্ত করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন