দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ১১:১৭ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৫ জনকে পুশইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে পৃথক দুটি সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখা ও ভারতের অভ্যন্তরে অবস্থান করেন।

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৮ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি, মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তা প্রতিহত করেন।

স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।

অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর সীমান্তে ৪ জন পুরুষ ও ২ জন নারী, মোট ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে ওই প্রচেষ্টাও ব্যর্থ হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ পুশইনের চেষ্টা চালায়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

বিজিবি জানিয়েছে, ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। দুই সীমান্তেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন