কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের প্রান্তিক কৃষক শুকুর আলীর দুই বিঘা জমির পাকা ধান কেটে তা মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২মে) সকাল থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এবং সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শ্রমিক সংকটে থাকা প্রান্তিক কৃষক শুকুর আলীর পাকা ধান কেটে তা মাড়াই করে ঐ কৃষকের ঘরে তুলে দেন তারা।
এতে করে ঐ প্রান্তিক কৃষকের জমিতে থাকা পাকা ধান নিয়ে দুঃশ্চিন্তা দূর হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কৃষক শুকুর আলী জানান, তার জমির পরিমান প্রায় দুই বিঘা। তার জমি পার-শিকারপুর ইউনিয়নের দিঘলী বিল মাঠে। এই মাঠের প্রায় ৮০ শতাংশ ধান কেটে ঘরে তুলেছেন অন্যান্য চাষীরা।
কিন্তু বর্তমানে শ্রমিক না থাকায় তার জমির ধান কাটতে সমস্যা হচ্ছিলো। এমন সময় তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলে আজ জেলা ছাত্রলীগের একটি টিম এসে তার জমি থেকে ধান কেটে তা মাড়াই করে দেন।
এতে করে তার জমিতে থাকা পাকা ধান নষ্ট হওয়ার হাত থেকে বেচে গেছে। জমিতে থাকা পাকা ধান কেটে দেওয়ায় ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভুগী এই প্রান্তিক কৃষক।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই প্রান্তিক কৃষকের জমিতে থাকা পাকা ধান নিয়ে বিপাকে থাকার কথা জেলা ছাত্রলীগকে জানায়।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার নেতা কর্মীরা একদিন পরই তার ধান কেটে ঘরে তুলে দিতে এসেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলায় আরও বেশ কয়েকটি স্থানে এমন জমিতে থাকা পাকা ধান নিয়ে কষ্টে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ।
সামনের দিনে শ্রমিক সংকটের কারণে যদি কোন কৃষক পাকা ধান কাটা নিয়ে সমস্যায় থাকে তাহলে ছাত্রলীগ তাদের পাশে থাকবে এবং জমি থেকে পাকা ধান কেটে তা ঘরে তুলে দিবে।
অপরদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল জানান, বাংলাদেশ ছাত্রলীগ প্রতি বছর অসহায় প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ায়।
তার ধারাবাহিকতায় এ বছরও শ্রমিক সংকটে থাকা এই কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ। শ্রমিক সংকটে থাকা জেলার সকল কৃষকদের পাশে ছাত্রলীগ আছে এবং থাকবে বলে জানান তিনি ।
এবছর জেলায় অতিবৃষ্টি না থাকায় মাঠে ধানের ফলন ভালো হয়েছে । জেলার ধান মাঠের প্রায় ৭০ শতাংশ ধান কৃষক কোন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়ায় ধান ঘরে তুলেছে।
ধান কাটা শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকায় ছাত্রলীগকে স্বাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।




