জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

প্রকাশিত: মে ৪, ২০২৩; সময়: ১০:৫৭ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার মাঝি পাড়া এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহিদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহিদ হোসেন সদর উপজেলার মাঝি পাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, সোমবার বিকালে প্রতিপক্ষরা শাহিদ হোসেনের গাছ কাটছিলেন। এ সময় শাহিদ হোসেন বাঁধা দিলে ওই গাছ দাবি করা প্রতিপক্ষের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে শাহিদ গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, শাহিদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন