গুরুদাসপুরে ৩ দিন ধরে চিকিৎসাধীন অজ্ঞাত এক বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিন ধরে অজ্ঞাত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কোনো কথা বলতে না পারায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক (৭৫) বছর। গুরুদাসপুর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৫ নম্বর বেডে তাকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আহত অবস্থায় ওই ব্যক্তিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মশিন্দা ইউপি সদস্য রাশিদুল ইসলাম।
রাশিদুল ইসলাম জানান, রাস্তার পাশে ওই ব্যক্তি পরে ছিলেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমতাবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দেখাশোনা করছেন।
গত বৃহস্পতিবার থেকে আজ তিন দিন পেরিয়ে গেলেও রোববার (৩০জুলাই) পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালের রেজিষ্ট্রারেও তাকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কথা বলতে না পারায় তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, অজ্ঞাত ব্যক্তি ভারসম্যহীন অবস্থায় রাস্তার পাশে পরে ছিল। চিকিৎসার জন্য তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।




