নাটোরে শিক্ষা কর্মকর্তাকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩; সময়: ৬:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর র্ফুকে মারপিটের ঘটনায় সংসদের নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শুক্রবার দুপুরে বনপাড়ায় সাংসদের দলীয় অফিসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সাংসদ বলেন, বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে ভিতরের মারপিটের ঘটনায় আমার নাম জড়িয়ে যে অপপ্রচার চালানো হলো তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

তিনি আরও বলেন, এই ধরনের কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি। কোন সন্ত্রাসী আমার এবং আওয়ামী লীগের অনুসারি হতে পারে না।

এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, তার আপন ভাগিনা জামাল, জহির, শামসুদ্দিন, অনুসারী রুবেল বালি এই ঘটনায় সরাসরি জরিত। তাদের নামে মামলা হয়েছে। তবু বলবেন জানেন না। এমন প্রশ্নে তিনি মন্তব্য করেননি।

এদিকে মামলার প্রধান আসামি রুবেল বালি, সাংসদের পক্ষে নির্বাচনী প্রচারণায় দলীয় কর্মিদের স্পষ্ট ঘোষনা দেন “নৌকার বিপক্ষে স্বতন্ত্র কোন প্রার্থী থাকলে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।” এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়েও সাংসদ কোন মন্তব্য করেননি।

বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, সব কিছু সাংসদ সিদ্দিকুর রহমানের ইশারায় তার ভাগ্নেরা নেতৃত্ব্ দিয়ে করাচ্ছেন। শাক দিয়ে মাছ ঢাকতে চাইলে তো হবে না। মানুষ সবই বুঝে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত কার্যক্রম এবং আসামীদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে ঢুকে তাকে মারপিট করা হয়। রাতে শিক্ষা অফিসার আব্দুর রউফ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন