গুরুদাসপুরে আ.লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসী হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির ১১ জনকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
রোববার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের চাঁচকৈড় চৌতালী হাটা থেকে একটি বিক্ষোভ মিছিল চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলহাজ ওমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলহাজ দুলাল সরকার, জেষ্ঠ্য সভাপতি নাজমুল করিম নজু, যুগ্ম সম্পাদক মিলন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এম সময় হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদৌলা সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আহম্মেদ, ছাত্রদল নেতা নিহাল প্রমুখ।
বক্তারা পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে হামলার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) রাত আটটার দিকে একটি জানাযা শেষে ফেরার পর মধ্যমপাড়ার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন বিএনপি নেতা এমদাদ সমর্থিতরা। এসময় যুবলীগ নেতা আলমগীর, আওয়ামী লীগ নেতা মকলেছ মৃধা, জাহাঙ্গীরসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল বিএনপি নেতা এমদাদ, মিলন প্রামাণিক, সাব্বির হোসেন, জনি পারভেজ, শামীম রহমান ও সাইফুল ইসলামসহ ১১জনকে কুপিয়ে যখম করেন।
আহতদের মধ্যে ৩ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত শাকিল ও জনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আব্দুল হামিদ প্রামানিক (৬২) বাদী হয়ে শনিবার (২৬ অক্টোবর) রাতে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছ মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর মৃধাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা করেছেন। রাতেই রায়হান নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বাদি আব্দুল হামিদ বলেন, রাকিব চাল বিক্রির ৩ হাজার টাকা পেতেন যুবলীগ নেতা আলমগীরের কাছে। আলমগীরের প্রতিবেশি বিএনপি নেতা এমদাদের সরনাপন্ন হন রাকিব। টাকা তুলতে গিয়ে আলমগীরের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত হন এমদাদ ও রাকিব হোসেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছেন আলমগীর ও তার সহযোগীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, কুপিয়ে যখমের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।




