চারঘাটে ক’ক’টেল বি’স্ফো’রণ ও ভাঙচুর, আতঙ্কিত মানুষ

প্রকাশিত: মে ২, ২০২৫; সময়: ৫:৪৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে দিনে-দুপুরে প্রকাশ্যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে লোকজন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে দৌড়াতে থাকে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই খেলা উপলক্ষে মাঠে একটি মঞ্চ ও চেয়ার বসানো হয়। তবে তার আগেই সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্ত মাঠে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কে কিছু সময়ের জন্য দোকানপাট বন্ধ থাকলেও পরে তা খুলে দেওয়া হয়। এখন এলাকাটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

ওসি মিজানুর রহমান বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চারঘাট মন্ত্রী রোডে থানা প্রেসক্লাবের সামনে মোবাইল ফোনে কথাকাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই শুক্রবার ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে যে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের। খেলা শুরুর আগেই ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক মহলেও ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন