নোবেলের আচরণে বিপর্যস্ত নির্মাতা, প্রেমিকা প্রসঙ্গে জানালেন অজানা তথ্য

পদ্মাটাইমস ডেস্ক : সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়ে থাকা জনপ্রিয় রকশিল্পী মাঈনুল আহসান নোবেলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্মাতা শামীম মোহাম্মাদ। রাজশাহীর উদীয়মান এই নির্মাতা জানান, নোবেলকে নিয়ে বান্দরবানের পটভূমিতে একটি রক ঘরানার গানের ভিডিও নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু টানা পাঁচ মাস চেষ্টার পরও শ্যুটিং সম্পন্ন করা সম্ভব হয়নি।
নির্মাতা জানান, “দেড় লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার পরও নোবেল আমাদের ফাইনাল অডিও দেননি। শুধু একটি ডেমো ট্র্যাক দিয়েছিলেন। সেই ডেমো দিয়েই শ্যুটিং করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি।”
ঘটনার দিন গাড়ি পাঠিয়ে নোবেলকে শ্যুটিং স্পটে আনার উদ্যোগ নেওয়া হয়। যদিও তিনি গাড়িতে উঠলেও, সারাদিন ধরে সেটে না পৌঁছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সন্ধ্যায় এসে জানান, যানজটে আটকে ছিলেন। এই আচরণে পুরো শ্যুটিং ইউনিট বিপাকে পড়ে।
এছাড়া নির্মাতা দাবি করেন, নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারীও শ্যুটিং স্পটে উপস্থিত ছিলেন এবং তিনি নিয়মিত নোবেলের সঙ্গে স্টুডিও মিটিংয়েও যেতেন। শামীম মোহাম্মাদ বলেন, “ওই নারীকে দেখে কখনো মনে হয়নি তিনি জোর করে আটকে ছিলেন। বরং নোবেলের ব্যক্তিগত দেখভালের দায়িত্বও যেন তার উপর ছিল।”
তবে নোবেলের ওই প্রেমিকার ফোন ব্যবহার করতে না পারার বিষয়টি নির্মাতার সন্দেহের জন্ম দিয়েছে। তার মতে, “মেয়েটি চাইলে অনেক আগেই সরে যেতে পারতেন। এতদিন অপেক্ষার কারণটা খুঁজে দেখা দরকার।”
নোবেলের মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শামীম মোহাম্মাদ। তার ভাষায়, “এই শিল্পীর অনেক কিছু দেওয়ার আছে ইন্ডাস্ট্রিকে। তবে তার মানসিক সুস্থতা জরুরি। প্রয়োজনে কিছুদিন মানসিক স্বাস্থ্যসেবার আওতায় নেওয়া উচিত।”
এদিকে “বাজাবো গিটার” শিরোনামের সেই গানটি কবে মুক্তি পাবে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন নির্মাতা।




