প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যা জানালেন পরিকল্পনা উপদেষ্টা

এনইসি সম্মেলনকক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রকাশিত: মে ২৪, ২০২৫; সময়: ২:৫০ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন।”

রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার দুপুরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় বেলা ২টা ২০ মিনিটে।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এবং উপদেষ্টারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ১৯ জন উপদেষ্টা। সম্মেলনকক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি দেখা যায়।

বৈঠক থেকে বেলা ২টা ০৫ মিনিটে প্রথম বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সাংবাদিকদের জানান, জরুরি কাজে বের হচ্ছেন এবং বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই মাসের ঘোষণাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এর কিছু পরে বের হন পররাষ্ট উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এর আগে বেলা ১১টায় একনেক সভা শুরু হয় এবং সোয়া ১২টার দিকে শেষ হয়। এতে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারি কর্মকর্তারা এনইসি কক্ষ ত্যাগ করেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।

বিশ্লেষকরা এই বৈঠককে চলমান রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

এর আগে গত বৃহস্পতিবার নিয়মিত উপদেষ্টা বৈঠকে অধ্যাপক ইউনূস তাঁর পদত্যাগের ভাবনার কথা জানান। তিনি চলমান প্রতিবন্ধকতা, আন্দোলন, সংস্কারে ঐকমত্যের অভাব এবং রাষ্ট্রীয় কাজে অসহযোগিতার বিষয়ে হতাশা প্রকাশ করেন। বিষয়টি জানাজানির পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়।

এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি বক্তব্য- যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়- নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূসের পদত্যাগ কেউই চায় না। তবে সব রাজনৈতিক দল একটি নির্ধারিত নির্বাচনকাল চায়।

বিকেলে প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন