ছাত্রদলের সমাবেশে যোগ দিতে ২০ কোচের বিশেষ ট্রেন ভাড়া

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫; সময়: ১১:৩১ am | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী শনিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী ছাত্রদের আনায়নের জন্য ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের একজোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে চট্টগ্রাম ও ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারদের কাছে একটি জরুরি তারবার্তা পাঠানো হয়েছে।

তারবার্তায় জানানো হয়, ২০টি কোচবিশিষ্ট এই ট্রেনে মোট ১,১২৬টি আসন থাকবে। ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একইদিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকাছাড়া হয়ে ৪ আগস্ট রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

বিশেষ এই ট্রেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে ভাড়া আদায়, ট্রেনের রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যাত্রার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও চট্টগ্রামে আরএনবি মোতায়েনের ব্যবস্থাও নেওয়ার কথা বলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন