নাটোরে উপদেষ্টা আসিফের অনুষ্ঠান বর্জন বিএনপির

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে নাটোর জেলা বিএনপি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে। দলটির অভিযোগ, আমন্ত্রণ জানিয়ে পরে নেতা-কর্মীদের অপমান করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় নবনির্মিত উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জেলা বিএনপি দীর্ঘদিন ধরে প্রয়াত জেলা ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজনের নামে স্টেডিয়ামটির নামকরণের দাবি জানিয়ে আসছিল।
২০১৩ সালে এ এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত হন তৎকালীন জেলা ছাত্রদল সহসভাপতি সুজন। গত বছরের আগস্টে নির্মাণকালীনও এ দাবির পক্ষে অবস্থান নেয় বিএনপি। সম্প্রতি উপদেষ্টা আসিফের নাটোর সফরের খবরে নেতা-কর্মীরা স্টেডিয়ামের আশপাশে ব্যানার-ফেস্টুন টানিয়ে দাবি পুনর্ব্যক্ত করেন।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে উপদেষ্টা স্টেডিয়ামে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের নেতৃত্বে নেতারা প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তার কথা বলে গোয়েন্দা পুলিশ তাঁদের বাধা দেয়। ফলে বিএনপি নেতারা ফিরে যান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, “আমরা চূড়ান্তভাবে অসম্মানিত হয়েছি। কোনো অন্যায় দাবি করিনি।”
জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানান, আমন্ত্রণ থাকা সত্ত্বেও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তাঁদের বাধা দিয়েছেন।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ হাসিবুর রহমান দাবি করেন, আমন্ত্রিত আহ্বায়ক রহিম নেওয়াজকে ঢুকতে দেওয়া হলেও পরবর্তীতে নেতা-কর্মীদের প্রবেশে প্রোটোকল অনুযায়ী বাধা দেওয়া হয়েছে। “আমি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি,” বলেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।




