জাতীয় ঐকমত্য কমিশন শিগগিরই দেবে চূড়ান্ত প্রতিবেদন

পদ্মাটাইমস ডেস্ক: রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, শিগগিরই কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। বৈঠকটি কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে কমিশন জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব সম্পর্কে আলোচনা করেন। এছাড়া, ঐকমত্য কমিশনের অবস্থানও সভায় তুলে ধরা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সকল সদস্যকে ধন্যবাদ ও শুভকামনা জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। গণমাধ্যমও আমাদের অকল্পনীয় সমর্থন দিয়েছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরা—বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।




