সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আবারও শুল্ক বাড়ালেন ট্রাম্প

পদ্মাটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুল্কনীতি পুনরায় কার্যকর করেছেন, যদিও সুপ্রিম কোর্ট আগের শুল্ক ব্যবস্থাকে ‘অবৈধ’ ঘোষণা করেছে। ট্রাম্প ১৯৭৪ সালে প্রণীত ট্রেড অ্যাক্ট ১৯৭৪-এর ১২২ ধারা অনুযায়ী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন।
শুল্কটি আগামী ১৫০ দিন সকল দেশের ওপর কার্যকর থাকবে এবং ট্রাম্প ইতিমধ্যে বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি তার প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, অন্য কোনো আইন বা ধারার মাধ্যমে পূর্বের শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কি না তা অনুসন্ধান করতে।
ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের বিকল্প আছে, চমৎকার সব বিকল্প আছে। এসব ব্যবহার করলে আরও বেশি অর্থ আসবে এবং আমরা আরও শক্তিশালী হবো।’
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে গত এক বছরে যুক্তরাষ্ট্র প্রায় ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার অতিরিক্ত উপার্জন করেছে। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, ১৯৭৭ আইনটি বিধি বহির্ভূতভাবে ব্যবহার করা হয়েছিল। ফলে পূর্বের শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে।
অবৈধ শুল্ক থেকে অর্জিত অর্থের ভবিষ্যৎ সম্পর্কে কোনো নির্দেশনা দেয়নি আদালত। বিশেষজ্ঞরা মনে করছেন, নিম্ন আদালতগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, এবং যারা টাকা ফেরত চাইবে তাদের আমেরিকার আদালতে মামলা করতে হবে। ইতিমধ্যে হাজারের বেশি সংস্থা এই প্রক্রিয়া শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শিগগিরই অন্য কোনো আইনের আওতায় দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ফেরত আনা হবে এবং তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী।
সূত্র-রয়টার্স




